লুটপাট থেকে বেরিয়ে আসতে হবে: মহিউদ্দিন
স্বাধীনতাকে অর্থবহ করতে ‘লুটপাটের সংস্কৃতি’ থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরী।
শুক্রবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্বাধীনতা দিবস উপলক্ষে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে জাতীয় সম্পদ ও জনশক্তির সদ্ব্যবহার করতে হবে। এজন্য পরিকল্পনা দরকার এবং লুটপাটের সংস্কৃতি নির্মূল করতে হবে।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের এই সভাপতি বলেন, চট্টগ্রামের বিশাল সম্পদ জাতীয় অর্থনীতির মূল ভাণ্ডার। অথচ সুষ্ঠু পরিকল্পনার অভাবে তাকে কাজে লাগানো যাচ্ছে না।
“বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক বন্দর চট্টগ্রাম বন্দর এখন রুগ্ন দশায়। কর্ণফুলী নদীও মরণ দশায়। দাবি করেছিলাম, এ নদীর ওপর ঝুলন্ত সেতু করা হোক।”
“কিন্তু তা না করে পিলার সেতু করায় কর্ণফুলীর বুকে চর সৃষ্টি হচ্ছে। এর ফলে কর্ণফুলী হারিয়ে যেতে পারে। কর্ণফুলীকে বাঁচাতে এখনই মহাপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নে উদ্যোগী হতে হবে।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, স্বাধীনতা মানেই মানব সমাজের উন্নতি ও অগ্রগতি।
“মানুষের যে পাঁচটি মৌলিক অধিকার আছে তা পূরণ হলেই এদেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে। বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই লক্ষ্য পূরণে দ্রুত ধাবমান।”
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, এম এ রশিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, ইফতেখার সাইমুল চৌধুরী, নোমান আল মাহমুদ প্রমুখ।
