২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নকশা না মেনে ভবন নির্মাণে জরিমানা

নকশা না মেনে নির্মাণের দায়ে নগরীতে এক ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 06:46 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

বুধবার নগরীর প্রবর্তক মোড় থেকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কার্যালয় পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সিডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন ওয়ান ন্যু।

অভিযানে আরও ছয় ভবন মালিককে নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলতে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়।

কিন ওয়ান ন্যু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রবর্তক মোড় থেকে সরকারি কর্ম কমিশনের কার্যালয় পর্যন্ত নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি।

“নকশা অনুসারে বহুতল ভবনটির পেছনের অংশে তিন মিটার জায়গা খালি রাখার কথা। কিন্তু এক মিটার খালি রেখে বাকি অংশে ভবন নির্মাণ করা হয়েছে। এ কারণে ইকুইটি প্রোপার্টিজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়”

পাশাপাশি নকশা বর্হিভূত ওই অংশ ভেঙে ফেলতে ভবন মালিক প্রতিষ্ঠানটিকে বলা হয়েছে বলে জানান তিনি।

এসময় সড়কের ওপর থাকা দুটি ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়েছে জানিয়ে কিন ওয়ান ন্যু জানান, অভিযানে আরও ছয় ভবন মালিককে নকশার বহির্ভূতভাবে ভবনের বেজম্যান্টে নির্মাণ করা দোকান উচ্ছেদে ১৫ দিনের চূড়ান্ত নোটিশ দেওয়া হয়।