২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে এক ঝুট ব্যবসায়ী খুন হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 09:44 AM

Updated : 12 Apr 2022, 01:38 AM

সোমবার গভীর রাতে নগরীর সদরঘাট থানার কামালগেইট এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানায়।

নিহত ঝুট ব্যবসায়ী আব্দুল জাহেদ (৪৫) ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি এলাকায় ইসলামীয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রয়েলের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

সদরঘাট থানার এসআই আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজন রাত সাড়ে ১২টার দিকে বাসার সামনে জাহেদকে গুলি করে।

চোখ, কানসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের জন্য এলাকায় ছাত্রলীগ নেতা আনিস ও তার অনুসারীদের দায়ী করেছে জাহেদের পরিবার।

এসআই কাশেম বলেন, “কামাল গেইট এলাকায় রয়েল ও আনিসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বিভিন্ন সময় তাদের মধ্যে ঝামেলা হয়।

“জাহেদের বড় ভাই আব্দুল মান্নান পুলিশকে বলেছে, তার ভাই ওই এলাকায় ছাত্রলীগ নেতা রয়েলের সমর্থক ছিলেন। রাতে আনিসের পক্ষের লোকজন কামাল গেইট এলাকায় গিয়ে বিভিন্ন বাড়ির ফটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে।

“এ সময় জাহেদ বাসা থেকে বের হওয়ার সাথে সাথে তাকে গুলি করে তারা।”