২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক সংগীত শিল্পীর বিরুদ্ধে আরেক শিল্পীর মানহানি মামলা

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের এক সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন অন্য এক শিল্পী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 08:30 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে এ মামলা করেন চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাহের।

মামলায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আরেক শিল্পী ফাহমিদা রহমানকে আসামি করা হয়েছে।

মানহানির মামলাটি গ্রহণ করে আসামি ফাহমিদা রহমানকে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত।

মামলার বাদী শিল্পী ও সুরকার আলাউদ্দিন তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১২ ফেব্রুয়ারি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চট্টগ্রামে আসেন। সেদিন সকালে তিনি চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন।

“সেখান থেকে ফেরার পর বেলা ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউজে মন্ত্রীর সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাত করি। সার্কিট হাউজ থেকে বের হওয়ার সময় মন্ত্রীর সামনে ফাহমিদা রহমান অকথ্য ভাষায় আমার বিষয়ে বক্তব্য দেন।”

আলাউদ্দিন তাহের বলেন, “তিনি অত্যন্ত বদরাগী ধরনের হওয়ায় তখন আমি কিছু না বলে ঘটনাস্থল থেকে চলে আসি।

“ওই সময় মিথ্যে অভিযোগ করে ফাহমিদা বলেন, এক বছরে তিনবার আমি গ্রেডেশেন পেয়েছি। জনসমক্ষে আমার মানহানি করায় মামলা করতে বাধ্য হয়েছি।”

মামলার বিষয়ে আলাউদ্দিন তাহেরের আইনজীবী কামরুল আজিম চৌধুরী টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডবিধির ৫০০ এবং ৫০২ ধারায় করা মামলাটি গ্রহণ করে আদালত সমন জারি করেছেন।

“২৩ মে এরমধ্যে আসামি ফাহমিদা রহমানকে আদালতে হাজির হতে হবে।”