চট্টগ্রামে এবার বড় পরিসরে একুশে বইমেলা
ঢাকা ও চট্টগ্রামের প্রকাশনা সংস্থাগুলোকে নিয়ে এবার আরও বড় পরিসরে একুশে বইমেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
সোমবার নগর ভবনে এক সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, নগরীর মুসলিম হল চত্বরে ১০ দিনের এই মেলা শুরু হবে বুধবার।
তিনি বলেন, “ঢাকার একুশে বইমেলার একটি আবেদন আছে, প্রাণবন্ততা আছে। সে তুলনায় আমাদের এখানে বইমেলা প্রাণহীন। সে দশা আমরা এবার কাটাতে চাই।
“আমরা প্রথমবারের মত ঢাকার ২০টি প্রকাশনা সংস্থা ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদকে সাথে নিয়ে বড় পরিসরে এ মেলার আয়োজন করছি, যেখানে প্রতিদিন বিশিষ্ট ব্যক্তিরা ইতিহাস, মুক্তিযুদ্ধ, ঐতিহ্য, সংস্কৃতিসহ নানা বিষয়ে আলোকপাত করবেন।”
আগামী বছর ঢাকার আদলে মাসব্যাপী বইমেলা আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
মেয়র নাছির বলেন, বইমেলার সময়ই সাতজনকে সিটি করপোরেশনের পক্ষ থেকে একুশে পদক দেওয়া হবে।
২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এ মেলা চলবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম, শিক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নাজমুল হক ডিউক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
