চট্টগ্রামে কিশোরের লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকার এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে গোয়াল পাড়া থেকে ওই কিশোরকে স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
মৃত সঞ্জীব দে (১৬) গোয়ালপাড়ার কমল দের ছেলে।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিশোরটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করিয়েছে।
মৃতের বড় ভাই সুমন দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝুলে থাকা অবস্থায় সঞ্জীবকে উদ্ধার করা হয়েছে।
তবে যে ঘরে সঞ্জিবের লাশ পাওয়া গেছে, তা বাইরে থেকে তালাবদ্ধ ছিল স্থানীয়রা জানিয়েছে।
ওসি জসীম বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে কিশোরটি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।”
