জাতীয় বেতন কাঠামো সংশোধনের দাবি চবি শিক্ষকদের
অষ্টম জাতীয় বেতন কাঠামোর গেজেটের সংশোধন ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনকে দেওয়া ‘প্রতিশ্রুতি’ বাস্তবায়নের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।
রোববার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খসরুল আলম কুদ্দুসী বলেন, “অষ্টম বেতন কাঠামো বাস্তবায়িত হলে গ্রেড-১ প্রাপ্ত শিক্ষকের সংখ্যা কমে আসবে। সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বন্ধের সিদ্ধান্তে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবেন।”
গত ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে সাক্ষাৎকালে অর্থমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বেতন কাঠমোর গেজেটে বাস্তবায়ন হয়নি বলেও তার দাবি।
“অর্থমন্ত্রী আমাদেরকে শিক্ষকদের বিদ্যমান সুযোগ-সুবিধা না কমানোর এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বেতন কাঠামোর গেজেটে আমরা প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখছি না।”
সংবাদ সম্মেলনে বেতন কাঠামোতে সিনিয়র সচিবদের জন্য যে সুপার গ্রেড সৃষ্টি করা হয়েছে এতে সিলেকশন গ্রেড প্রাপ্ত অধ্যাপকদের মধ্য থেকে একটি অংশকে উন্নীত করার এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রারম্ভিক বেতন ন্যূনতম অষ্টম গ্রেড থেকে শুরু করারও দাবি জানান তিনি।
সব গ্রেডের বেতন দ্বিগুণ করে গত ১৫ ডিসেম্বর সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামোর গেজেট জারি হলেও দাবি পূরণ হয়নি বলে মনে করছেন শিক্ষকরা।
টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করায় অষ্টম বেতন কাঠামোকে ‘অবমাননাকর’ ও ‘বৈষম্যজনক’ দাবি করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এনিয়ে আপত্তি জানিয়ে আন্দোলনেও নেমেছিলেন।
বিশ্ববিদালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পাশাপাশি বেতন কাঠামো সংশোধনের দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন, কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ইত্যাদি পালন করেছেন চবি শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল মনছুরসহ শিক্ষক প্রতিনিধিরা।
