২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে আপেক্ষিকতা তত্ত্বের শতবর্ষ পূর্তি উদযাপন

অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের শতবর্ষ পূর্তি উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিজিক্স সোসাইটি (সিইউপিএস)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 08:24 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

শনিবার সকাল ১১টায় পদার্থ বিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনটির উদযাপন।

এরপর আইন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আপেক্ষিকতা তত্ত্বের বিভিন্ন বিষয়ের উপর সেমিনার।

চবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, “বর্তমানে শিক্ষার্থীরা পদার্থবিদ্যার মত মৌলিক বিজ্ঞানের উপর পড়াশোনায় আগ্রহ দেখাচ্ছে না, যা খুবই দুঃখজনক।

“আজকে যেসব শিক্ষার্থী এখানে বসে আইনস্টাইনের তত্ত্বের ব্যাখ্যা শুনছো আশা করি তোমাদের থেকে একদিন এমন বিজ্ঞানী বের হয়ে আসবে, যার আবিষ্কৃত তত্ত্বের ব্যাখ্যা সারা বিশ্বের শিক্ষার্থীরা আগ্রহ ভরে শুনবে।”  

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আরশাদ মোমেন।

এসময় তিনি আপেক্ষিকতার তত্ত্বের উপর শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

Image
অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

আইনস্টাইনের তত্ত্বের উপর আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, “আইনস্টাইন তার আপেক্ষিকতা তত্ত্বটির মাধ্যমে পদার্থবিজ্ঞানে মৌলিক পরিবর্তন আনেন। তার তত্ত্ব পৃথিবীকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে।” 

বাংলাদেশ ফিজিক্স সোসাইটির সাবেক সভাপতি বুয়েটের অধ্যাপক ড. মো. আলী আসগর সেমিনারে বলেন, “আইনস্টাইনের বিজ্ঞানী পরিচয়ের বাইরে আরেকটি দিক হল তার মানবতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা তাকে যুদ্ধবিরোধী আন্দোলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করে।”

জার্মানিতে জন্ম নেওয়া আইনস্টাইন জীবনের শেষ বছরগুলো কাটে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে। আপেক্ষিকতার তত্ত্বটি তিনি ১৯১৫ সালের ২৫ নভেম্বর উপস্থাপন করেন।

এ বছরের ২৫ নভেম্বর এই বিখ্যাত তত্ত্বটি ১০০ বছরে পা দেয়। বিজ্ঞানের জগতে বড় ধরনের উত্তরণ হিসেবে বিবেচিত হয় আইনস্টাইনের এই তত্ত্ব।

দিনটি উদযাপন উপলক্ষে সেমিনার আর আনন্দ শোভাযাত্রার পাশাপাশি ছিলে পোস্টার প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডকুমেন্টরি।

অনুষ্ঠানে গণ মাধ্যম সহযোগী হিসেবে ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।