২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার মাসে বিটিসিএলের সোয়া কোটি টাকার তার চুরি

চট্টগ্রামে গত অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিটিসিএল- এর ভূগর্ভস্থ লাইন থেকে সোয়া কোটি টাকার কেবল চুরির ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

মোস্তফা ইউসুফ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 10:56 AM

Updated : 22 Aug 2022, 02:20 PM

এসব ঘটনায় কর্তৃপক্ষ নগরীর নয়টি থানায় মোট ১৩টি মামলা করলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

এদিকে প্রতিটি ঘটনার পর বিটিসিএল এর গ্রহকসেবা দারুণভাবে ব্যহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে সংযোগ চালু করতে একদিকে বিটিসিএলকে গলদঘর্ম হতে হচ্ছে; অন্যদিকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দীর্ঘ সময় বিড়ম্বনা পোহাতে হচ্ছে গ্রাহকদের।  

বিটিসিএল চট্টগ্রাম জোনের মহা-ব্যবস্থাপক তমাল নন্দী জানান, গত চার মাসে ১২টি ঘটনায় মোট সাড়ে তিন কিলোমিটার কেবল চুরি গেছে।

প্রতি মিটার গড়ে তিন হাজার ৬৪০ টাকা হিসেবে চুরি যাওয়া এই কেবলের বাজারমূল্য এক কোটি ২৮ লাখ ৩৭ হাজার টাকা।

তমাল নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগস্ট মাসেই চুরির প্রথম ঘটনাটি ঘটে। এরপর এয়ারপোর্ট থেকে শুরু করে বহদ্দারহাট পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে বার বার চুরির ঘটনা ঘটছে।”

বন্দরনগরীতে বিটিসিএলের প্রায় ৮০ হাজার ফিক্সড লাইন ফোন সংযোগ রয়েছে; আর ইন্টারনেট গ্রহক সংখ্যা সাড়ে তিন হাজার।

“মাটির এক মিটার গভীরে পিভিসি ডাক্ট সিস্টেমের মধ্যে দিয়ে কেবলগুলো টানা হয়। এর মধ্যে কপার কেবলই চুরি হচ্ছে। কপার কেবল দিয়েই এডিএসএল (ইন্টারনেট সংযোগের জন্য) ও ল্যান্ড ফোনের সংযোগ দেওয়া হয়।”

এই কর্মকর্তা জানান, জরুরি পরিস্থিতিতে মেরামতের জন্য প্রতি ২০০ মিটার পরপর ম্যানহোল করা রয়েছে। এসব ম্যানহোলের ঢাকনা কেটেই ভেতরে ঢুকে কেবল চুরি হচ্ছে।

অধিকাংশ চুরির ঘটনা ঘটছে রাতের বেলা। হিসেব করে দেখা যাচ্ছে, গত চার মাসে প্রতি দশদিনে অন্তত একবার চুরির ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় হাটহাজারী, চাঁন্দগাও, খুলশি, ডাবলমুরিং, বন্দর, ইপিজেড, পতেঙ্গা, বায়েজিদ ও কোতোয়ালি থানায় মোট ১৩টি মামলা হয়েছে। কিন্তু পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। চুরি যাওয়া মাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কোনো শৈথিল্য দেখাবে না”।