২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নানা আয়োজনে রোকেয়া দিবস পালিত

চট্টগ্রামে নারীর প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার আহ্বান জানিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 08:59 PM

Updated : 12 Oct 2022, 04:40 PM

বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংস্থা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

এসব কর্মসূচি থেকে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব পর্যায়ে নারীর প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লিঙ্গভিত্তিক সহিংতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এর মধ্যে সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত রোকেয়া দিবসের এক অনুষ্ঠানে চট্টগ্রামের পাঁচ 'জয়িতা'কে সংবর্ধনা দেওয়া হয়।

বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাওয়া এই পাঁচ নারী হলেন- পটিয়ার শিকলবাহা এলাকার খালেদা বেগম, ফটিকছড়ির ভুজপুরের ডা. প্রীতি বড়ুয়া, সাতকানিয়ার সাজেদা বেগম, মিরসরাইয়ের নাজমা আক্তার এবং লোহাগাড়া এলাকার সৈয়দা সুফিয়া খাতুন।

Image
চট্টগ্রামে বেগম রোকেয়া দিবসের র‌্যালি

চট্টগ্রামে বেগম রোকেয়া দিবসের র‌্যালি

নগরীর শিশু একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী একজন নারী হয়ে সারা দেশের নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে অনেক কর্মসূচি নিয়েছেন।

"নারীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে সরকারের পাশাপাশি অনেক নারী সংগঠন এবং বেসরকারি সংস্থাও (এনজিও) এগিয়ে এসেছে।"

বেগম রোকেয়ার আদর্শকে অনুসরণ করে দেশের উন্নয়নে ঝাঁপিয়ে পড়ার জন্য সব নারীদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল জলিলের সভাপতিত্বে সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিতা চাকমা, অধ্যক্ষ আনোয়ারা আলম, নারীনেত্রী জেসমিন সুলতানা পারুসহ অন্যরা বক্তব্য রাখেন।

এদিকে রোকেয়া দিবস উপলক্ষ্যে উন্নয়ন সংস্থা নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে।

Image
চট্টগ্রামে বেগম রোকেয়া দিবসের র‌্যালি

চট্টগ্রামে বেগম রোকেয়া দিবসের র‌্যালি

সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘গড়ে তুলি নিরাপদ আবাসন-নিরাপদ শিক্ষাঙ্গন: বন্ধ হোক নারী ও কন্যা শিশুর উপর সকল নির্যাতন’ এ স্লোগান নিয়ে বিএনপিএসের কর্মসূচি পালিত হয়।

নানা ক্ষেত্রে অনেক এগিয়ে গেলেও শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলসহ ঘরে বাইরে নারীরা এখনও নিরাপদ নয় বলে আলোচনা সভায় অভিযোগ করেন বক্তারা।

তারা বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্নস্তর পর্যন্ত নারীর প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন দেখা যাচ্ছে না, যার প্রমাণ পৌরসভা নির্বাচনে নারী কাউন্সিলর পদপ্রার্থীদের জন্য চুরি, পুতুল, ফ্রক, গ্যাসের চুলা ইত্যাদি নারীর প্রতি অবমাননকর প্রতীক বরাদ্দের মত ঘটনা এখনও ঘটছে।

সমাবেশে বিএনপিএস’র ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদ, শরিফ চৌহান, এরশাদুল কবীর, কুমকুম দত্ত, বিজয় চক্রবর্তী, সেলিনা বেগমসহ অন্যরা বক্তব্য রাখেন।