২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি সভাপতিকে হুমকি: প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে হুমকি দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সিপিবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 08:53 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা কমিটির সভাপতি মৃণাল চৌধুরী বলেন, সাম্প্রদায়িক জঙ্গিরা বেশ কিছু দিন ধরে মুক্তমনা লেখকদের হুমকি দিচ্ছে ও হত্যা করছে। এরই ধারাবাহিকতায় মুজাহিদুল ইসলাম সেলিমকে জঙ্গিরাই হত্যার হুমকি দিয়েছে।

সমাবেশে জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর থেকেই জঙ্গিবাদি জামায়াত, পাকিস্তান, আমেরিকা ও ইসরাইলের গোয়েন্দা সংস্থা এসব কাজ করছে।

“বাংলাদেশে আইএস আছে এটা প্রমাণ করে তারা এদেশে ঢুকতে চায়। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

অবিলম্বে মুজাহিদুল ইসলাম সেলিমসহ সব বুদ্ধিজীবীদের ‍হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা প্রমোদ বড়ুয়া ও ফজল আহমেদ, রাহাত উল্লাহ জাহিদ, রেখা চৌধুরী, রবিউল হোসেন ও শিমুল বৈষ্ণব।

সমাবেশ শেষে প্রেস ক্লাব চত্বর থেকে বের হওয়া একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।