২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিজয় মেলা শুরু বৃহস্পতিবার

চট্টগ্রামে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে বৃহস্পতিবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 07:11 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের লুণ্ঠিত মূল্যবোধ পুনরুদ্ধারে এবং বাঙ্গালি সংস্কৃতি ও ঐতিহ্য চেতনাকে তুলে ধরতে বিজয় মেলা প্রেরণা যুগিয়েছে। রণাঙ্গণের যে সৈনিকরা এই মেলা শুরু করেছিলেন তারা আজ জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন।

“২৭ বছর আগে যে বিজয় মেলা সূচিত হয়েছিল তা এখন নতুন প্রজন্মের কাছে হস্তান্তর করার সময় এসেছে।”

নতুন প্রজন্মের উদ্দেশ্যে এবারের বিজয় মেলা উৎসর্গ করা হয়েছে বলে জানান তিনি।

মহিউদ্দিন বলেন, এই উৎসব শুধু আনুষ্ঠানিকতা নয়। ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করে অসাম্প্রদায়িক ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠনই উৎসব আয়োজনের লক্ষ্য।

এম এ আজিজ স্টেডিয়ামের আউটার স্টেডিয়াম অংশে আয়োজিত এবারের বিজয় মেলার অংশ হিসেবে নগরীর লালদীঘিতেও বৃক্ষ মেলার আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজয় মেলা উপলক্ষে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের হাতে দেড় লাখ গাছের চারা বিতরণ করা হবে।

এরই মধ্যে ১ ডিসেম্বর আউটার স্টেডিয়ামে পণ্য মেলা শুরু হয়েছে।

বিজয় মেলা উপলক্ষে ১০ ডিসেম্বর থেকে প্রতিদিন মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনারসহ বিভিন্ন আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজয় মেলা পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা মো. ইউনুস, উপ-সচিব বদিউল আলম, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল সরকার, মুক্তিযোদ্ধা অমল মিত্র, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন, মোজাজফফর আহমদ, মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান, ফরিদ মাহমুদ, নান্টু লাল সাহা, সৌমেন সেন প্রমুখ।