‘অপহৃত’ খাদ্য বিভাগের কর্মী রাঙ্গুনিয়ায় উদ্ধার
চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে অপহৃত খাদ্য বিভাগের এক নারী অফিস সহকারীকে রাঙ্গুনিয়া থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মুনমুন আক্তার নামের ৩০ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করা হয় বলে রাঙ্গুনিয়া থানার ওসি রেফায়েতউল্লাহ জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় অফিস থেকে বের হওয়ার পর মুনমুনকে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয় বলে তার ভাই জামশেদ আলম জানিয়েছিলেন।
সকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে মুনমুনের মোবাইল থেকে ফোন করে এক ব্যক্তি দশ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। তবে কখন কোথায়, কীভাবে টাকা দিতে হবে তা বলেনি।”
এ বিষয়ে পুলিশকে না জানাতেও অপহরণকারী হুমকি দিয়েছে বলে জানান জামশেদ।
তিনি জানান, মুনমুন সেদিন অফিস থেকে বের হওয়ার পর ফোনে তার সঙ্গে একবার কথাও হয়েছিল তার। তবে সন্ধ্যা সাড়ে ৭টায় ফোন করে ওই মোবাইল বন্ধ পান।
