কর্ণফুলীর তীরের দুটি অবৈধ ডক ইয়ার্ড বন্ধের নির্দেশ
কর্ণফুলী নদীর তীরের শিকলবাহা এলাকায় বিনা অনুমতিতে গড়ে উঠা দুটি ডক ইয়ার্ড বন্ধের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম এ অভিযান পরিচালনা করেন।
দীর্ঘদিন ধরে নদীর শিকলবাহা তীরে বিনা অনুমতিতে ডক ইয়ার্ড স্থাপন করে লাইটার জাহাজ ও মাছ ধরার নৌযান তৈরির কাজ চলছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযানে নুসরাত জাহান নামের ইয়ার্ডের মালিক আব্দুল হামিদ এবং নূর-এ-মদিনা ডক ইয়ার্ডের মালিক হাজী শেখ আহাম্মদকে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।”
এক সপ্তাহের মধ্যে অবৈধ ডক ইয়ার্ড দুটি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা তৈরি করে চলাচল বিঘ্নিত করা ও প্রয়োজনীয় সনদ না থাকায় ১১টি লাইটার জাহাজকে মোট ৩ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে একই ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে এমভি আশরাফুল আলম ও এমভি সাউদার্ন স্টার-৫ কে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
এমভি আলী হায়দারকে ৪৫ হাজার এবং এমভি উদয়ের পঘে-৪ ও এমভি টিএস-১ কে ৪০ হাজার টাকা করে, এমভি মোহছেন আউলিয়া ও এমভি মালেক-১ কে ৩০ হাজার, বলগেট নাদিম ও এমভি সি লিংক আনন্দকে ২০ হাজার টাকা করে এবং এমভি বর্ষণ-৬ ও এমভি পি অ্যান্ডটিকে ১০ হাজার টাকা করে জরিমানা করে আদালত।
এছাড়াও বন্দরের জেটিতে অবৈধ অনুপ্রবেশ ও কম্বল চুরির অপরাধে আবুল বাহার নামের এক ট্রাকচালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
