ভ্রাম্যমাণ আদালত দেখে ভুয়া চিকিৎসকের চম্পট
অভিযান টের পেয়ে এক ভুয়া চিকিৎসক পালিয়ে যাওয়ার পর তার চেম্বার সিলগালা করে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আরেক ভুয়া চিকিৎসককে মুচলেকা নিয়ে চেম্বার সিলগালা ও জরিমানা করে ছেড়ে দেয় আদালত।
ভুয়া ওই চিকিৎসরা হলেন- বসু দেব দত্ত, সিরাজদৌল্লা চৌধুরী।
সোমবার বিকালে নগরীর চান্দগাঁও খানার বরিশাল বাজার ও সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযান দল বরিশাল বাজার এলাকায় গেলে বসু দেব দত্ত তার চেম্বার ফেলে পালিয়ে যান।
“সেখানে বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ পাওয়া গেছে। চিকিৎসক হিসেবে তার কোনো সনদ নেই। আমরা চেম্বার সিলগালা করে দিয়েছি।”
চান্দগাঁওয়ের সিঅ্যান্ডবি এলাকায় আরেক এক ভুয়া চিকিৎসকের সন্ধান পেয়ে সেখানেও অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত।
তিনি এসএসসি পাশ বলেও জানান ম্যাজিস্ট্রেট।
এর আগে গত ১০ অক্টোবর একই ভ্রাম্যামাণ আদালত নগরীর বাকলিয়া থানার হাফেজ নগরের তুলাতুলি এলাকায় গেলে পাঁচটি ফার্মেসির মালিক দোকান ফেলে পালিয়ে যান।
এদিকে বরিশাল বাজারের অভিযানে জে এম পি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা, বাদুরতলা এলাকার বিনয় ফার্মেসিকে তিন হাজার টাকা ও দিপ্ত ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করে আদালত।
ভারতীয় ওষুধ, বিক্রি নিষিদ্ধ সরকারি ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রির অপরাধে এসব জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট রুহুল।
