অটোরিকশায় ট্রাকের ধাক্কা, অজ্ঞাত নারী নিহত
চট্টগ্রামের কাপ্তাইয়ে কংক্রিটের মিশ্রনবাহী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশাআরোহী অজ্ঞাত এক নারী।
বুধবার সকালে কাপ্তাইয়ের মেহরাব চৌধুরী ঘাট এলাকায় ওয়াপদা অফিসের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে চান্দগাঁও থানার এসআই জাকির হোসেন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারী আহত হন।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, বেলা সাড়ে ১২টার দিকে নারীকে হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তিনি মারা যান।
