২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে ভারতীয় রুপি উদ্ধারের মামলা সিআইডিতে

চট্টগ্রাম বন্দরে বিদেশ থেকে আসা কন্টেইনার থেকে পৌনে তিন কোটি ভারতীয় রুপি উদ্ধারের ঘটনায় করা মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 07:30 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম সিআইডি কার্যালয়ে গিয়ে মামলার নথিপত্র হস্তান্তর করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই জহির হোসেন।

এসআই জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিআইডির পরিদর্শক লিটন দেওয়ানের কাছে মামলার নথি হস্তান্তর করেছি।”

এর আগে গত ২৯ সেপ্টেম্বর এ মামলায় গ্রেপ্তার পাঁচ জনকে পুলিশের আবেদনের প্রেক্ষিতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাকন।

এ বিষয়ে জহির বলেন, “গ্রেপ্তার পাঁচ জনকে রিমান্ডে নেইনি। যেহেতু সিআইডি মামলার তদন্ত করবে তারাই রিমান্ডে নেবে।” 

সিআইডির স্পেশাল পুলিশ সুপার (এসএসপি) ব্যারিস্টার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট এ মামলার তদন্ত করবে। এটি ইকোনমিক ক্রাইম এবং এখানে বিভিন্ন দেশের সংঘবদ্ধ অপরাধীরা যুক্ত। এ বিষয়ে তদন্তের অভিজ্ঞতা এই ইউনিটের আছে।

“ইউনিটের পরিদর্শক লিটন দেওয়ানকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ধরণের মামলা সিআইডির শিডিউলভুক্ত।”

এসএসপি মোশাররফ বলেন, “মামলাটি তদন্তে আগ্রহের কথা জানিয়ে আমরা পুলিশকে চিঠি দিয়েছিলাম। এর প্রেক্ষিতে তারা নথি হস্তান্তর করেছে।”

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিআইডি মামলা তদন্তে আগ্রহের কথা লিখিতভাবে জানিয়েছে। নিয়ম অনুসারে আমরা নথি হস্তান্তর করেছি।”

গত ২০ সেপ্টেম্বর রাতে ভারতীয় রুপি আছে এমন সন্দেহে একটি কন্টেইনার আটক করে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। পরে কায়িক পরীক্ষায় ওই কন্টেইনারের ভেতরে থাকা চারটি কার্টনে দুই কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৫০ রুপি পাওয়া যায়।

দুবাইপ্রবাসী চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা শাহীদুজ্জামান গৃহস্থালি পণ্য ঘোষণা দিয়ে কন্টেইনারটি চট্টগ্রামে পাঠান।

আরব আমিরাতের জাবেল আলী থেকে ‘এমভি প্রসপার’ নামের জাহাজে করে ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে আসে কন্টেইনারটি।

গত ২২ সেপ্টেম্বর এ ঘটনায় বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, কাস্টমস অ্যাক্ট ও ব্যাগেজ আইনে ছয় জনকে আসামি করে মামলাটি করেন শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা বিধান কুমার সরকার।

এ মামলায় মোট ছয় জনকে আসামি করা হয়।

মামলার আসামিরা হলেন- আরব আমিরাত থেকে কন্টেইনার ভর্তি পণ্য পাঠানো শাহীদুজ্জামান, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ফ্ল্যাশ ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এসএম সায়েম ওরফে শামীমুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুল্লাহ, প্রতিষ্ঠানের কর্মী আহম্মদ উল্লাহ, কাস্টমসের ‘ফালতু’ শেখ সাবের এবং শাহীদুজ্জামানের ভাই মো. তৌহিদুল আলম।

এদের মধ্যে শাহীদুজ্জামান পলাতক এবং অন্য পাঁচ জনকে ২১ সেপ্টেম্বর গ্রেপ্তার করে শুল্ক গোয়েন্দারা।