চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনায় বিদেশি নাবিকের মৃত্যু
চট্টগ্রাম বন্দরে বেলিজের পতাকাবাহী একটি জাহাজের ক্রেন থেকে পড়ে সিরীয় এক নাবিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে বন্দরের এনসিটি-৪ এ ‘এমভি মারিকানা’ নামের একটি জাহাজে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আব্দুর রহিম (২৫) ওই জাহাজেরই নাবিক ছিলেন।
জাহাজটির দেশীয় এজেন্ট সারাত শিপিং এজেন্সির কর্মকর্তা মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে জাহাজে কাজ করার সময় ক্রেন থেকে ‘হ্যাজের’ ভেতরে পড়ে যান রহিম।
গুরুতর অবস্থায় রহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান।
‘এমভি মারিকানা’ ইস্পাতের কয়েল নিয়ে বাংলাদেশে এসেছে বলে জানান শাহ আলম।
