২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬ কোটি টাকার বিদেশি কাপড় জব্দ

বন্ডের আওতায় বিদেশ থেকে আমদানি করা প্রায় ছয় কোটি টাকার কাপড় জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 11:31 AM

Updated : 22 Aug 2022, 01:12 PM

বৃহস্পতিবার ভোরে নগরীর কোতোয়ালি থানার টেরি বাজার এলাকার একটি পরিবহন কোম্পানির গুদাম থেকে কাপড়গুলো জব্দ করা হয় বলে অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রাম ইপিজেডের একটি পোশাক কারখানার নামে ওই কাপড় বিদেশ থেকে আমদানি করা হয়েছে।

“কিন্তু কাপড়গুলো খোলা বাজারে বিক্রির জন্য বুধবার রাতে ইপিজেড থেকে টেরিবাজার এলাকায় নিয়ে আসা হয়।”

জাকির জানান, ‘রাজমনি ট্রান্সপোর্ট এজেন্সি’ নামের একটি পরিবহন প্রতিষ্ঠানের গুদামে ঢোকানোর সময় কাগজপত্র দেখতে চাইলে তা না পারায় এসব কাপড় জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

জব্দ কাপড়ের মধ্যে প্যান্ট ও গেঞ্জির কাপড় রয়েছে জানিয়ে তিনি বলেন, “কোন পোশাক কারখানার নামে এসব কাপড় আনা হয়েছে এবং কারা সেগুলো টেরিবাজরে নিয়ে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”