লাইসেন্স ফি কমানোর দাবি চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ীদের
বর্ধিত ট্রেড লাইসেন্স ফি ও ভ্যাট কমানোর দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ীরা।
সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন ‘বাংলাদেশ জুয়েলার্স সমিতি’।
সমিতির চট্টগ্রাম শাখার সহ-সভাপতি প্রণব সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বর্ণ দোকানের ট্রেড লাইসেন্স ফি বাড়িয়ে দেড় হাজার থেকে ১৫ হাজার টাকা করা হয়েছে।
ভ্যাট ও ট্রেড লাইসেন্স ফি বাড়ানোর কারণে ব্যাবসায়ীদের পাশাপাশি ক্রেতারাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলেও দাবি করেন প্রণব।
মানববন্ধন শেষে সমিতির নেতারা চট্টগ্রাম সিটি মেয়র ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে জুয়েলার্স সমিতির সভাপতি মৃণাল কান্তি ধর, সাধারণ সম্পাদক স্বপন কুমার চৌধুরীসহ বিভিন্ন শপিং মলের স্বর্ণ ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
