২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে স্ট্র্যাডল কেরিয়ার চাপায় নিহত ১

চট্টগ্রাম বন্দরে ছেলের সঙ্গে দেখা করতে এসে স্ট্র্যাডল কেরিয়ারের চাপায় বন্দরের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 07:26 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

নিহত মো. আবু বকর (৭৮) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সংস্থাপন বিভাগের কর্মকর্তা হিসেবে ১৯৯৫ সালে অবসরে যান।

তার ছেলে জাহেদুল ইসলাম বন্দরের ৫ নম্বর ইয়ার্ডে মেরিন বিভাগে কর্মরত আছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বন্দরের ৫ নম্বর ইয়ার্ডে স্ট্র্যাডল কেরিয়ারের চাপায় নিহত হন তিনি।

বন্দরের ৫ নম্বর জেটি গেইট সংলগ্ন বিমানবন্দর সড়কের বিপরীত পাশে বন্দর অফিসার্স কলোনিতে ছেলের সঙ্গেই থাকতেন আবু বকর।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরে কর্মরত ছেলের সঙ্গে দেখা করতে সকালে ইয়ার্ডে এসেছিলেন আবু বকর।

“এসময় স্ট্র্যাডল কেরিয়ারের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আবুল কালাম আজাদ নামে এক চালক স্ট্র্যাডল কেরিয়ারটি চালাচ্ছিলেন বলে জানান সচিব।