চট্টগ্রামে গুলিতে দুজন নিহত
সরকার পতনের খবরের পর চট্টগ্রামে সহিংসতার মধ্যে তারা গুলিবিদ্ধ হয়েছিলেন।
গণ আন্দোলনে সরকার পতনের দিন চট্টগ্রামের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় দুজন নিহতের খবর পাওয়া গেছে।
গুলিবিদ্ধ অবস্থায় সোমবার হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তছলিম উদ্দিন জানান।
নিহত দুজন হলেন- নিজাম উদ্দিন (১৮) ও মো. জামাল উদ্দিন (৫৪)।
নোয়াখালীর মো. সাহাবউদ্দিনের ছেলে নিজাম চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে সহিংসতার সময় এবং জামাল হাটহাজারিতে গুলিবিদ্ধ হয়েছিলেন।
তুমুল গণআন্দোলনের মধ্যে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের খবরে এদিন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা ও প্রাণহানির খবর পাওয়া যায়।
এদিন বিকালে চট্টগ্রাম কারা ফটকে লোকজন জড়ো হয়ে হামলার চেষ্টা করলে গোলাগুলি হয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এছাড়া চট্টগ্রামের বিভিন্ন থানা ও স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আওয়ামী লীগ নেতাদের বাসভবন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
