Published : 26 Aug 2026, 01:19 PM
হাজারো মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রাম নগরীতে জশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে ৫৫তম জশনে জুলুস শুরু হয় বুধবার সকাল ১০টায়, চলে বেলা ১২ টা পর্যন্ত।
শোভাযাত্রায় অংশ নিতে ভোর থেকে নানা প্রান্তের মানুষ শহরে ঢুকতে শুরু করে, যোগ দেয় নগরবাসীও। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও সুন্নিয়তের পতাকা দেখা গেছে।
জশনে জুলুসে শুরু হয় ষোলশহর জামেয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ্ থেকে। এবারে নেতৃত্ব দেন সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। জুলুস শুরুর আগে ঈদের মিলাদুন্নবীর গুরুত্ব বর্ণনা করে বক্তব্য রাখেন তিনি।
জশনে জুলুস নগরীর বিবিরহাট-মুরাদপুর-ষোলশহর ২ নম্বর গেইট- জিইসি-ওয়াসা মোড় পেরিয়ে দামপাড়া-লালখান বাজার টাইগার পাস মোড় ঘুরে আবার জামেয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে এসে শেষ হয়।
আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “জশনে জুলুস সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এখন আমরা মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছি।”
এবারের জশনে জুলুসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিব শাহ।
হিজরি সনের ১২ রবিউল আউয়াল মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদের (সা.) পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন। এ দিনটি মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।
এই শোভাযাত্রার কারণে নগরীর লালখান বাজার- মুরাদপুর ফ্লাইওভারে চলাচল বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম নগর পুলিশ।