ঈদে মিলাদুন্নবীতে চট্টগ্রামে হবে ‘জশনে জুলুস’
ষোলশহর জামেয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসার সংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুস শুরু হবে।
ঈদে মিলাদুন্নবীতে চট্টগ্রামে জশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ৫৫তম এ জুলুসে ব্যাপক লোক সমাগমের আশা করছেন আয়োজকরা।
সোমবার চট্টগ্রামের একটি রেস্তেরাঁয় সংবাদ সম্মেলনে ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগামী ২৬ অগাস্ট সকাল ৮টায় ষোলশহর জামেয়া আহমেদিয়া সুন্নীয়া মাদ্রাসার সংলগ্ন আলমগীর খানকা থেকে এ জুলুস শুরু হবে। নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হবে।
আগের বছরের মত এবারও সৈয়দ মুহাম্মদ সাবির শাহ জুলুসের নেতৃত্ব দেবেন। অতিথি হিসেবে থাকবেন সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিব শাহ।
মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিনটিতে ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন বাংলাদেশের মানুষ। আগামী ২৬ অগাস্ট এটি পালন করা হবে। সরকারি ছুটিও এদিন।
সংবাদ সম্মেলনে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম বলেন, “রাসূল (সা.) এর শুভাগমনের দিন বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা হিসেবে আলোচিত এ জুলুস এখন চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের ধারক হিসেবেও রূপ লাভ করেছে। তাই এর শরিয়ত সম্মত ঐতিহ্য রক্ষা করা আমাদের দায়িত্ব।”
সংবাদ সম্মেলনে ট্রাস্টের অন্য কর্মকর্তারাও বক্তব্য দেন।
