‘কিশোর অপরাধ’ বিরোধী অভিযানে চট্টগ্রামে একরাতে আটক ৩৫৪
যাচাই-বাছাই শেষে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
চট্টগ্রামে ‘কিশোর অপরাধ’ বিরোধী অভিযানে বিভিন্ন উপজেলা থেকে ৩৫৪ জন কিশোরকে আটকের তথ্য দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
এছাড়া মাদকসহ বিভিন্ন অপরাধে আরও ৯১ জনকে আটক করা হয় চট্টগ্রাম জেলা পুলিশের এ বিশেষ অভিযানে।
চট্টগ্রামের ১৫ উপজেলার ১৭টি থানা এলাকায় রোববার রাতে পরিচালিত এ অভিযানে সব মিলিয়ে মোট ৪৪৫ জনকে আটকের কথা জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কিশোর অপরাধ প্রতিরোধ ও কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন স্থানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, অভিযানে জেলার ১৭টি থানা এলাকায় মোট ৩৫৪ জন কিশোরকে থানায় আনা হয়। যাচাই-বাছাই শেষে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জন কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হয়।
“অন্যদিকে অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে এনে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
এছাড়া অভিযানে মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়েছে।
