Published : 02 Jun 2026, 10:37 PM
নগরীতে 'বিশেষ অভিযানে' আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের ৬৮ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
মিছিলে অংশগ্রহণ ও নাশকতামূলক কর্মকাণ্ডসহ ‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপে' জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নগরীর জিইসি মোড় এলাকায় সোমবার মিছিল করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিভিন্ন সময়ে নগরীতে ঝটিকা মিছিল করলেও এদিন অনেক লোক সমাগম দেখা যায়। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন এলাকায় অভিযানে নামে পুলিশ।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে খুলশী থানা পুলিশ ১৩ জন, কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী থানার পুলিশ ১২ জন করে ২৪ জনকে গ্রেপ্তার করে।
এর বাইরে পাঁচলাইশ থানা এলাকা থেকে ১০ জন, ডবলমুরিং থানা এলাকা থেকে সাতজন, ইপিজেড তিনজন, বাকলিয়া ও কর্ণফুলী থানা এলাকা থেকে দুজন করে এবং চজবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর, পতেঙ্গা থানা এলাকা থেকে এক জন করে গ্রেপ্তার করা হয়।