Published : 05 Oct 2025, 01:06 PM
চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে বাস দুর্ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ৪২ বছর বয়সী মোহাম্মদ ফয়সাল মারা যান। তিনি চট্টগ্রাম নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন মাইজপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
পতেঙ্গা থানার ডিউটি অফিসার এসআই মো. কাওসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল বাস দুর্ঘটনায় আহত একজন সকালে হাসপাতালে মারা গেছেন। আমাদের থানার একটি দল উনার বাড়িতে যাচ্ছেন। পরে বিস্তারিত জানাতে পারব।”
শনিবার বেলা ২টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তের দিকে যাওয়ার সময় দ্রুত গতির বাসটি উল্টে যায়।
এতে মোহাম্মদ ফয়সাল, তার স্ত্রী রানু আকতার (৩২) এবং মো. ফারুক (৫২) নামে তাদের আরেক স্বজন আহত হন। তাদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত ফয়সালের পরিবার ও স্বজনরা ওই বাসে করে আনোয়ারার পারকি এলাকার একটি কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করে টানেলের টোল প্লাজায় রাখা হয়েছিল। পরে তা পুলিশ জব্দ করেছে।
২০২৩ সালের ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এই টানেলটি উদ্বোধন করা হয়। এখন পর্যন্ত টানেলের ভিতরে ও বাইরের টানেল রোডে বিভিন্ন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ