১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত ৩

টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 07:22 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

চট্টগ্রামে কর্ণফুলী টানেলের ভেতর দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন আহত হয়েছেন।

শনিবার বেলা ২টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। 

দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর সেটি ভেতরে আড়াআড়ি পড়ে ছিল। পরে বাসটি উদ্ধার করে নিয়ে টানেলের আনোয়ারা প্রান্তের টোল প্লাজায় রাখার তথ্য দেন কর্ণফুলী টানেল সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. নাছির উদ্দিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটি কাত হয়ে পড়ে আছে টানেলের ভেতরের সড়কে। উদ্ধার কর্মীরা বাস থেকে যাত্রীদের বের করছেন। পেছনে অন্য যানবাহান লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। 

এসময় আহত দুয়েকজন যাত্রীকে টানেলের ভেতর সড়কের একপাশে অবস্থান নিতে দেখা যায়। তাদের ঘিরে ছিলেন অন্য বাস যাত্রীরা। 

প্রকৌশলী নাছির বলেন, টানেলের ভেতরে প্রবেশের পর বাসটি দ্রুত গতিতে চলছিল। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি উল্টে যায়।

টানেলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানির কর্মীরা যাত্রীদের উদ্ধার করেন জানিয়ে তিনি বলেন, আহত তিনজনের কারো অবস্থা গুরুতর নয়। 

আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি। উল্টে যাওয়া বাসের আঘাতে টানেলের ভিতরের বিদ্যুৎ সরবরাহ লাইন ও ডেকোরেটিভ বোর্ডের সামান্য ক্ষতি হয়েছে।