২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে ৩২৫ কোটি টাকার খেলাপি ঋণ: বিএনপির আসলাম চৌধুরীর ভাই গ্রেপ্তার

পুরাতন জাহাজ কিনতে এবি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ করেনি তাদের পারিবারিক কোম্পানি রাইজিং স্টিল মিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2023, 07:26 PM

Updated : 11 Feb 2023, 03:27 PM

সোয় তিনশ কোটি টাকার বেশি ঋণ খেলাপি থাকার অভিযোগে চট্টগ্রামের ব্যবসায়ী জসীম উদ্দিন চৌধুরীকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফেনী সদরের মোহাম্মদ আলী বাজার থেকে বৃহস্পতিবার গভীর রাতে দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

রাইজিং স্টিল মিলের পরিচালক জসীম বিএনপির যুগ্ম মহাসচিব কারাবন্দি আসলাম চৌধুরীর ছোট ভাই।

র‌্যাব কর্মকর্তা নুরুল জানান, তাদের পারিবারিক কোম্পানি রাইজিং স্টিল মিল দেশের শীর্ষস্থানীয় ঋণখেলাপি প্রতিষ্ঠানের একটি বলে সংসদে অর্থমন্ত্রী জানানোর পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। ওই তদন্তে কোম্পানিটির বিরুদ্ধে বেসরকারি এ বি ব্যাংক থেকে সোয়া ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলার তথ্য পাওয়া যায়; যেটির প্রেক্ষিতে জসীম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

রাইজিং স্টিল পুরাতন জাহাজ কিনতে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি এলসি’র বিপরীতে এবি ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি।

এ ঘটনায় ২০২৬ সালের ১৭ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মানিকলাল দাশ বাদী হয়ে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা করেন।

এতে জসীম চৌধুরী ছাড়াও আসামি করা হয়- বিএনপি নেতা আসলাম চৌধুরী, তাদের আরেক ভাই রাইজিং স্টিলের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরী, আসলামের স্ত্রী ও চেয়ারম্যান জামিলা নাজনিন মাওলা, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (হিসাব ও অডিট) ও এবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (হেড অব ক্রেডিট) বদরুল হক খান, এবি ব্যাংকের সাবেক এমডি এম ফজলুর রহমানকে।

গত ৬ জানুয়ারি আদালত মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। আগামী ২ মার্চ মামলার শুনানির দিন রয়েছে।

অভিযোগ গঠনের সময় আসামিদের মধ্যে শুধু আসলাম আদালতে উপস্থিত ছিলেন বলে দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু জানিয়েছিলেন।

পুরনো খবর:

সোয়া ৩০০ কোটি টাকা আত্মসাৎ: বিএনপির আসলামসহ ৪ জনের বিচার শুরু
ব্যাংক এশিয়ার কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
‘শীর্ষ ২০’ ঋণ খেলাপির তালিকা সংসদে

অন্য আসামিদের মধ্যে আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনীন মাওলা জামিনে ছিলেন এবং আসলামের দুই ভাই জসিম ও আমজাদ পলাতক। তাদের সবার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানান তিনি।

জসীম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং, জেলার সীতাকুণ্ড ও ঢাকার মতিঝিল থানায় মোট আটটি মামলা আছে বলে র‌্যাব জানায়।