যুদ্ধের আগে হরমুজ প্রণালি পাড়ি দেওয়া ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে
জাহাজগুলোর মধ্যে চারটি এলএনজিবাহী, দুটি এলপিজিবাহী এবং বাকি নয়টি সিমেন্ট ক্লিংকার বহন করছে বলে জানা গেছে।
ইরান যুদ্ধের আগে হরমুজ প্রণালি অতিক্রম করে আসা বেশকিছু জাহাজ চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে। এর মধ্যে এলএনজি, এলপিজি ও সিমেন্ট শিল্পের কাঁচামালবাহী জাহাজ রয়েছে।
চট্টগ্রাম বন্দরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এলপিজি, এলএনজি ও সিমেন্ট ক্লিংকারবাহী মোট ১৫টি জাহাজের মধ্যে ১২টি ইতিমধ্যে বন্দরে এসেছে এবং বাকি তিনটি বন্দরের পথে রয়েছে।
জাহাজগুলোর মধ্যে চারটি এলএনজিবাহী, দুটি এলপিজিবাহী এবং বাকি নয়টি সিমেন্ট ক্লিংকার বহন করছে বলে জানা গেছে।
বন্দরের কর্মকর্তা ও জাহাজের স্থানীয় এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইরানের বিরুদ্ধে ইসরালে ও যুক্তরাষ্ট্রের হামলার পরবর্তী সময়ে সরাসরি হরমুজ প্রণালি বন্ধ না করলেও জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
যুদ্ধ শুরুর আগেই জাহাজগুলো ওই প্রণালি অতিক্রম করে। সে কারণে এসব জাহাজ বাংলাদেশের জলসীমায় আসতে সক্ষম হয়েছে।
জানা গেছে, ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ নামের এলএনজি পরিবহন করা দুটি জাহাজ মঙ্গলবার ও বৃহস্পতিবারে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
এছাড়া ‘আল গালায়েল‘ ও ‘লুসাইল’ নামে অপর দুটি জাহাজ সোম ও বুধবারে বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে।
অন্যদিকে ‘সেভান’ নামে এলপিজিবাহী জাহাজটি রোববার চট্টগ্রাম বন্দরে আসবে।
এলএনজিবাহী জাহাজের স্থানীয় প্রতিনিধি ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলএনজিবাহী মোট তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। আরেকটি জাহাজ কাতারে এলএনজি নেওয়ার করার কথা থাকলেও যুদ্ধের কারণে সম্ভব হয়নি।
এলপিজি ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেছেন, যুদ্ধ শুরুর আগে যেসব জাহাজ হরমুজ প্রণালি পার হতে পেরেছে, সেসব জাহাজ চট্টগ্রামে আসতে শুরু করেছে। এখন এলপিজির সংকট না হলেও যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সমস্যা হতে পারে।
বাংলাদেশ হরমুজ প্রণালি ব্যবহার করে কাতার, কুয়েত, ইরান, ইরাক, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে জাহাজে করে বিভিন্ন পণ্য আনে। এর মধ্যে অপরিশোধিত জ্বালানি তেল, এলপিজি, এলএনজিই বেশি।
