বাইকার দলের কাছে মিলল ১ লাখ ইয়াবা
দলবলে বাইক চালানোর আড়ালে চক্রটি নিয়মিত ইয়াবা পাচার করে আসছিল, বলছে র্যাব।
চট্টগ্রামের পটিয়ায় একটি বাইকার দলের কাছ থেকে এক লাখ ইয়াবা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া কলেজ এলাকা থেকে ইয়াবা জব্দের পাশাপাশি ছয়জনকে আটকের তথ্যও দিয়েছে র্যাব।
র্যাব বলছে, বাইকার দলটি কক্সবাজারের রামু থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম আসছিল। বাইক চালানোর আড়ালে তারা নিয়মিত ইয়াবা পাচার করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯) ও মো. হোসেন (৩৭। তাদের সবার বাড়ি কক্সবাজারের বিভিন্ন উপজেলায়।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, চক্রটির ইয়াবা পাচারের তথ্যে র্যাব নজরদারি শুরু করে। দলটির চট্টগ্রামে আসার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদ সংলগ্ন সড়কে অবস্থান নেয় র্যাব। এসময় দলের আগে থাকা এক বাইকারকে আটকের পর অন্যদের ধরা হয়।
তাওহিদুল বলেন, প্রথমে যাকে আটক করা হয়, তিনি সড়কে রেকি করছিলেন। তার পেছনে থাকা চারটি বাইক থামিয়ে তল্লাশি করে একটি বাইকের তেলের ট্যাংকে কৌশলে লুকানো এক লাখ ইয়াবা জব্দ করা হয়।
