Published : 25 Jun 2026, 08:35 PM
চট্টগ্রামে কভার্ড ভ্যানের চাপায় বাইক আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় এ ঘটনা ঘটে বলে এ থানার এসআই আল আমীন জানিয়েছেন।
নিহত মো. নাজিম উদ্দিন (৪৮) ও তাসলিমা আক্তার (৪০) নগরীর চকবাজার ডিসি রোড এলাকার বাসিন্দা।
এসআই আল আমীন বলেন, নাজিমউদ্দিন স্ত্রীকে নিয়ে স্কুটি চালিয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছিলেন। শুলকবহর এলাকায় কভার্ড ভ্যান পেছন থেকে চাপা দিলে তারা গুরুতর আহত হন।
পরে পথচারীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কভার্ড ভ্যান চালককে আটকের কথা বলছে পুলিশ।