অর্থ আত্মসাতের মামলা: ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান সবুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে এই মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ মোট আসামি ৩৬ জন।
অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার আসামি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সাবেক চেয়ারম্যান এম এ সবুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেয়।
দুদকের পিপি মোকাররম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মামলায় আসামি এম এ সবুর উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা এখানে জামিনের আবেদন ও সময় প্রার্থনা করে আবেদন করেন।
“শুনানি শেষে আসামিপক্ষের আবেদন নামঞ্জুর হয়। আসামি এম এ সবুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। শুনানির সময় আসামি উপস্থিত ছিলেন না।”
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে এই মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ মোট আসামি ৩৬ জন।
সবশেষ গত ৬ অগাস্ট এই মামলায় চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে ২ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। ১৬ অগাস্ট মামলার পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য করেছে আদালত।
মামলাটিতে এখন পর্যন্ত ৩৭ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। মামলার মোট সাক্ষী ৯৬ জন।
গত বছরের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে-১ মামলাটি করেছিলেন।
