মীরসরাইয়ে ঝর্ণার খাদে প্রাণ গেল দুজনের
গোসল করতে নেমে প্রাণহানির ঘটনা ঘটে বলে পুলিশের ধারণা।
চট্টগ্রামের মীরসরাই উপজেলার রূপসী ঝর্ণার খাদে পড়ে দুইজন মারা গেছেন।
জাতীয় জরুরি সেবা থেকে ফোন পেয়ে রোববার রাতে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।
নিহতদের মধ্যে একজন আফসার (১৫) ও অন্য জনের নাম আরিফ ( ১৮)। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ দু'জন চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকা থেকে বেড়াতে যাওয়া ৯ জনের একটি দলের সদস্য বলে জানিয়েছে ফায়ার সার্ভিস৷
মীরসরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৫ নম্বর ইউনিয়নের (ওয়াহেদপুর) রূপসী ঝর্ণায় সকাল ১০টার দিকে ৯ জন পর্যটকের দলটি বেড়াতে আসে।
“বিকেল সাড়ে ৩টার দিকে তারা ফিরে যাচ্ছিল। এ সময় দলের দুই সদস্যকে তারা খুঁজে পাচ্ছিল না। অনেক খুঁজেও না পেয়ে তারা ৯৯৯ এ ফোন করে।"
৯৯৯ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, “অনেক খোঁজাখুঁজির পর ঝর্ণার নিচের দিকের ১৫ ফুট গভীর একটি কূপের মত অংশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।"
মীরসরাই থানার এসআই মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝর্ণায় তারা গোসল করতে নেমেছিল। তখন হয়ত এ দুজন ওই কূপের মত অংশে পড়ে যায়।
“মরদেহ উদ্ধার করে আমার থানার দিকে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।"
মীরসরাই উপজেলায় একাধিক পাহাড়ি ঝর্ণা আছে। বিগত কয়েক বছরে এসব ঝর্ণায় বেড়াতে আসা একাধিক পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
