পূজায় অপপ্রচার-উস্কানি হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
“এবারের দুর্গাপূজাটা খুবই শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে; কোনো জায়গায় কোনো ধরনের বড় কোনো সমস্যা নেই,” বলেন তিনি।
দুর্গাপূজার সময়ে উস্কানি আর অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন বাহিনীর প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন।
তিনি বলেছেন, “লোকালি এগুলো বেশি হয়, কিছু কিছু ঘটনা দেখা যাচ্ছে তেমন কিছুই হয় নাই, অথচ সেটা মিডিয়ায় চলে আসছে। এগুলো কিন্তু প্রচারও আবার বেশি হয়।”
সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “সবাইকে সহযোগিতা করতে হবে। বাহিনীর প্রধানদের আমরা নির্দেশনা দিয়েছি, এই কাজের সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় নিয়ে আসা। এজন্য আমি আপনাদেরও (সাংবাদিকদের) সাহায্য-সহযোগিতা চাই।”
বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের বিভিন্ন জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবারের দুর্গাপূজাটা খুবই শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। কোনো জায়গায় কোনো ধরনের বড় কোনো সমস্যা নেই। এটা একটা ধর্মীয় উৎসব, এটার পবিত্রতা যেন রক্ষা পায়, ওদিকে সবার খেয়াল রাখতে হবে।”
পূজায় সকল ধর্মের লোকদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি সব ধর্মের লোকজনদের বলব, ‘কো-অপারেট’ করেন। এটা যেন খুব ভালোভাবে হয়ে যায়। শান্তিপূর্ণভাবে যেন হয়ে যায় এবং ধর্মীয় পবিত্রটা রক্ষা করে যেন এটা হয়।”
‘পূজার আগে বিভিন্ন অপপ্রচার ও উস্কানিদাতাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয় না’, এক সাংবাদিকের এ বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইউটিউবে যেগুলো দিয়ে দেয়, সেগুলো তো আমরা সরাসরি কিছু করতে পারি না। আমরা অনুরোধ করতে পারি। তাদের বলার পর কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে উনারা (অনলাইন থেকে) ফেলে দেয়। আমরা আমাদের আইসিটি মন্ত্রণালয়কে বলি।”
