১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মশা নিধনে চট্টগ্রামে বিটিআই প্রয়োগ শুরু

এটি প্রাকৃতিকভাবে উৎপন্ন ব্যাকটেরিয়াভিত্তিক লার্ভিসাইড, যা মশা, ব্ল্যাক ফ্লাই ও ফাঙ্গাস গ্ন্যাটের লার্ভা দমনে ব্যবহার হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 06:21 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

মশা নিধনে ‘ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস’ (বিটিআই) লার্ভিসাইড ব্যবহার শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। 

সোমবার দুপুরে নগরীর ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড কার্যালয়ের সামনে এ কার্যক্রম উদ্বোধন হয়। 

এর আগে গত মার্চ মাসে নগরীর ১৭ নম্বর বাকলিয়া ওয়ার্ডে বিটিআই পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল। 

সোমবার বিটিআই ছিটানোর কার্যক্রম উদ্বোধন করেন সিসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন। 

এসময় উপস্থিত ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি ও কীটতত্ত্ববিদ রাশেদ চৌধুরী। 

সিসিসির সংবাদ বলা হয়, মার্চের পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতার আলোকে সোমবার থেকে ওয়ার্ড পর্যায়ে বিটিআই প্রয়োগ শুরু হলো। 

বিটিআই হলো প্রাকৃতিকভাবে উৎপন্ন এক ধরনের ব্যাকটেরিয়াভিত্তিক লার্ভিসাইড, যা বিশেষভাবে মশা, ব্ল্যাক ফ্লাই ও ফাঙ্গাস গ্ন্যাটের লার্ভা দমনে ব্যবহৃত হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এটি পানিতে প্রয়োগ করার পর লার্ভা খাদ্যের সঙ্গে বিটিআই গ্রহণ করে এবং ব্যাকটেরিয়ার উৎপাদিত ক্রিস্টাল প্রোটিন টক্সিন লার্ভার পরিপাকতন্ত্রে কার্যকর হয়ে তাদের দ্রুত নিধন ঘটায়। 

“বিটিআই মানুষের শরীর, গৃহপালিত প্রাণী, মাছসহ অন্যান্য পরিবেশবান্ধব প্রাণীর জন্য ক্ষতিকর নয়। এমনকি উদ্ভিদ ও জলজ বাস্তুতন্ত্রেও কোনো বিষাক্ত প্রভাব ফেলে না। বিশ্বজুড়ে ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়ার মতো বাহকবাহিত রোগ নিয়ন্ত্রণে এটি একটি নিরাপদ ও বৈজ্ঞানিকভাবে স্বীকৃত সমাধান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।”

আরও পড়ুন

মশা নিধনে বিটিআই প্রয়োগ করছে সিসিসি

পরীক্ষায় দেখা গেল, চট্টগ্রামে ছিটানো কীটনাশকে মশা তেমন মরছে না