২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের মৃত্যু

সাতকানিয়ায় বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 01:58 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বুধবার রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে তার মৃত্যু হয়।

অধ্যাপক আরিফ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের সহযোগী অধ্যাপক ইফতেখার আরিফ বলেন, “উনার হৃদরোগজনিত সমস্যা ছিল; কয়েক বছর আগে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিসে ভুগছিলেন এবং তার পায়ে একটি ইনফেকশন হয়, যা ডায়াবেটিসের কারণে আরও বেশি জটিলতার সৃষ্টি হয়।

“প্রথম জানাজা চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে আজ সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। এরপর তাকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আসরের নামাজের পরে তার দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।”

আনোয়ারুল আজিম আরিফ ১৯৫১ সালের ১ মে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল এলাকায় জন্মগ্রহণ করেন। সাতকানিয়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম কমার্স কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে। পরে ১৯৮২ সালে ফিলিপিন্স ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তার পেশাগত জীবনের সূচনা ১৯৭৬ সালে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন অধ্যাপক আরিফ।

তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ছিলেন। ২০২১ সালে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন আনোয়ারুল আজিম আরিফ।