২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈষম্যবিরোধী আন্দোলন: চবি ছাত্রের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১

গ্রেপ্তার মিঠুকে ‘যুবলীগের কর্মী ও কিশোর গ্যাং লিডার’ বলেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 05:13 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার মৃত্যুর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে রোববার রাতে এইচএম মিঠু (৪১) নামের এ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিঠুকে ‘যুবলীগের কর্মী ও কিশোর গ্যাং লিডার’ বলা হয়েছে। 

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৬ জুলাই চান্দগাঁও এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিতে আহত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া। 

চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

এ ঘটনায় আজিজুল হক নামের এক ব্যক্তি নিজেকে হৃদয় চন্দ্র তরুয়ার বন্ধু দাবি করে গত ২০ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। 

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাসহ ২০৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়।

এ মামলায় চট্টগ্রামের চার সাংবাদিক এবং সাবেক দুই ওসিকে আসামি করা হয়েছে। এ দুই ওসি আন্দোলনের সময় ঢাকা ও নরসিংদীতে ওসির দায়িত্বে ছিলেন। 

এছাড়া চট্টগ্রাম নগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকেও আসামি করা হয়েছে বলে চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন নিশ্চিত করেছেন। 

মামলাটির ৩৬ নম্বর আসামি পাঁচলাইশ থানার সাবেক ওসি আবুল কাশেম ভূঁইয়া, যিনি বর্তমানে নরসিংদী মডেল থানার ওসি। 

আর ৪০ নম্বর আসামি করা হয়েছে কোতোয়ালী থানার সাবেক ওসি মোহাম্মদ মহসিনকে, যিনি আন্দোলনের সময় ঢাকার তেজগাঁও থানার ওসি ছিলেন।

চবি ছাত্রের মৃত্যু: হাসিনার সঙ্গে মামলার আসামি সাংবাদিক, ব্যবসায়ী