ত্রুটি সারিয়ে কলম্বো গেল এইচ আর ফারহা
মূল ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজের অদূরে কক্সবাজার উপকূলের কাছে রেখে জাহাজটি মেরামত করা হয়।
ত্রুটি সারিয়ে ফের শ্রীলঙ্কার উদ্দেশে ছেড়ে গেছে দেশীয় কোম্পানি এইচ আর শিপিংয়ের মালিকানাধীন কন্টেইনারবাহী জাহাজ ‘এইচ আর ফারহা’।
৬২৪টি পণ্যভর্তি কন্টেইনার নিয়ে জাহাজটি গত ৪ সেপ্টেম্বর কলম্বোর উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। ৮ সেপ্টেম্বর বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি গন্তব্যে পৌঁছানোর কথা ছিল।
কিন্তু ২০ ঘণ্টার মাথায় এইচ আর ফারহার মূল ইঞ্জিনে সমস্যা দেখা দেয় জানিয়ে এইচ আর শিপিংয়ের কর্মকর্তা আনিস উদ দৌলা বলেন, “জাহাজটি চট্টগ্রামের কাছাকাছি থাকার কারণে সেটি ফিরিয়ে এনে ত্রুটি সারানোর সিদ্ধান্ত নেওয়া হয়।”
পরে চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজের অদূরে কক্সবাজার উপকূলের কাছে রেখে জাহাজটি মেরামত করা হয়। ত্রুটি সারিয়ে পর শুক্রবার রাতের দিকে সেটি পুনরায় কলম্বোর উদ্দেশ্যে রওনা দেয়।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, “এইচ আর ফারহার প্রপেলারে জাল আটকা পড়ে সমস্যা দেখা দেয়। সে কারণে আউটারের অদূরে সেটি ফিরিয়ে এনে ত্রুটি সারানো হয়।”
