ফের মেয়ে হতে পারে ভেবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড
রাবেয়ার মৃত্যুর পর তার লাশ ‘পুড়িয়ে ফেলার চেষ্টাও করে’ মামুন।
পেটে লাথি মেরে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার ঘটনায় নয় বছর আগের করা মামলায় সন্দ্বীপের মো. মামুনকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক মো. শাহাবুদ্দিন বৃহস্পতিবার এই রায় দিয়েছেন। বিষয়টি সামনে এসেছে শনিবার।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সেকান্দর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. মামুনকে আমৃত্যু কারাদণ্ড এবং লাশ পোড়ানোর দায়ে ৭ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিন কন্যার জননী রাবেয়া বেগম ছিলেন সাতমাসের অন্তঃসত্ত্বা। ওষুধ না আনার বিষয়ে জানতে চাইলে তার তলপেটে লাথি মারেন স্বামী। এতে রাবেয়ার মৃত্যু হয়। সঙ্গে মারা যায় গর্ভে থাকা যমজ পুত্র সন্তানও।
দণ্ডিত মো. মামুন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের পূর্ব কাচিয়াপারের গুচ্ছগ্রামের বাসিন্দা। মামুন পেশায় ভ্যানচালক।
মামুন ও একই এলাকার বাসিন্দা রাবেয়ার বিয়ে হয় ২০০৩ সালে। এই দম্পতির তিনটি কন্যা সন্তান ছিল। অন্তঃসত্ত্বা রাবেয়ার মৃত্যুর পর তার লাশ ‘পুড়িয়ে ফেলার চেষ্টাও করে’ স্বামী মামুন। পরে ময়নাতদন্তে জানা যায়, রাবেয়ার গর্ভে ছিল যমজ পুত্র সন্তান।
বেঞ্চ সহকারী সেকান্দর আলী বলেন, “ঘটনার পরই আসামি মামুন গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হন। তবে শুনানির ধার্য দিনে আদালতে আসতেন। পরে পলাতক হয়ে যান।
“মামুনের ধারণা ছিল, তার স্ত্রীর গর্ভে থাকা যমজ সন্তান মেয়ে হবে। পরে জানতে পারে তারা ছেলে ছিল। জানার পর তার আফসোস হয়। আদালত যখন আসত তখন অন্য আসামিদের এ কথা বলেছেও।”
মামলার নথি থেকে জানা যায়, ঘটনার দিন ২০১৭ সালের ২৩ মে ঘরে ফিরলে রাবেয়া বেগম তার স্বামী মামুনের কাছে ওষুধ এনেছে কি না জানতে চান। মামুন ওষুধ না আনায় এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়।
“এক পর্যায়ে মামুন রাবেয়ার তলপেটে লাথি মারেন। এতে রাবেয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে রাবেয়ার লাশ রিকশা ভ্যানে করে পাশের একটি বিলে নিয়ে গিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় মামুন। এরপর রাবেয়ার বাড়িতে মামুন খবর পাঠায়, রাবেয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না।”
রাবেয়ার স্বজনরা অনেক খুঁজে বিলে তার লাশের সন্ধান পায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের পর জানা যায়, রাবেয়ার গর্ভের দুটি সন্তানই ছিল ছেলে।
এই ঘটনায় রাবেয়ার ভগ্নিপতি কামাল পাশা বাদী হয়ে সন্দ্বীপ থানায় হত্যা মামলা করেন।
সেদিন ঘটনার পর গ্রামের বাসিন্দারা মামুনকে ধরে পুলিশে দেয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে মামুন স্ত্রীকে লাথি মেরে হত্যা ও বিলে লাশ নিয়ে গিয়ে আগুন দেয়ার কথা স্বীকার করেছিলেন।
এরপর আদালতে জবানবন্দি দিয়ে হত্যার কথা স্বীকার করে নেয় মামুন।
মামলার নথিতে আরও বলা হয়েছে, “মামুন-রাবেয়া দম্পতির প্রথম সন্তানটি ছিল মেয়ে। পরে আবার যমজ মেয়ে হয়। এরপর রাবেয়া অন্তঃসত্ত্বা হলে আবারও মেয়ে হতে পারে বলে ধারণা করেছিল মামুন। এ নিয়ে স্বামী-স্ত্রীর নিয়মিত ঝগড়া হত বলেও পুলিশকে জানিয়েছিলেন মামুন।”
এই হত্য মামলার তদন্ত করে পুলিশ মামুন ও তার চাচা ইমাম হাফেজকে আসামি করে অভিযোগপত্র জমা দেয়। বৃহস্পতিবার দেওয়া রায়ে ইমাম হাফেজের কোন দোষ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।
১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এই রায় দেয়। আসামি মো. মামুনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে।
