১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাউজানে গুলিতে যুবদলের কর্মী নিহত

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, এলাকায় ‘আধিপত্য বিস্তার’ নিয়ে এ ঘটনা ঘটতে পারে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2025, 05:21 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

চট্টগ্রামের রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার বেলা ১২টার দিকে কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে বলে রাউজান থানার এসআই হোসেন ইবনে নাইম জানিয়েছেন। 

নিহত ৩৮ বছর বয়সী মোহাম্মদ সেলিম কদলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

এসআই নাইম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটরসাইকেলে করে ঈশান ভট্টের হাটে আসা সেলিমকে লক্ষ্য করে গুলি করে কয়েকজন পালিয়ে যায় বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জেনেছি।“

এরপর আহত অবস্থায় সেলিমকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, এলাকায় ‘আধিপত্য বিস্তার’ নিয়ে এ ঘটনা ঘটতে পারে।

ময়নাতদন্তের জন্য সেলিমের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।