২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবর্তন করতে না পারলে দেশ ‘শেষ হয়ে যাবে’: দুর্যোগ উপদেষ্টা

“কী চাকরিজীবী, কী পেশাজীবী, আমরা যদি মর্যাদা নিয়ে বাঁচতে চাই তবে এ অগ্রযাত্রায় প্রত্যেককে সহযোগী হতে হবে”, বলেন তিনি।

পরিবর্তন করতে না পারলে দেশ ‘শেষ হয়ে যাবে’: দুর্যোগ উপদেষ্টা
শনিবার চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজমের হাতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান তুলে দেন ‘খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন'।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2024, 10:15 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

অন্তর্বর্তী সরকার ‘পরিবর্তন করে’ দিয়ে যেতে না পারলে বাংলাদেশ ‘শেষ হয়ে যাবে বলে’ দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। 

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ‘খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন' এর ত্রাণ গ্রহণ ও মতবিনিময় সভায় শনিবার তিনি এই মন্তব্য করেন।

‘অনেকদিন’ ক্ষমতায় থাকতে নয় বরং ‘পরিবর্তন করতে’ ক্ষমতায় এসেছেন মন্তব্য করে ফারুক ই আজম বলেন, “এটাই সংস্কারের ‘শেষ সুযোগ’।… আমরা যদি আমরা পরিবর্তন করে দিয়ে যেতে না পারি তবে এই দেশ ‘শেষ হয়ে যাবে’।“

কোনো ব্যক্তি বা সরকারের একার পক্ষে এটা করা সম্ভব নয় মন্তব্য করে উপদেষ্টা বলেন, “আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসা বাণিজ্যে আমূল সংস্কার হয়ে যাবে। কী চাকরিজীবী, কী পেশাজীবী, আমরা যদি মর্যাদা নিয়ে বাঁচতে চাই তবে এ অগ্রযাত্রায় প্রত্যেককে সহযোগী হতে হবে।”

উন্নয়নে ‘অব্যবস্থাপনা’ আছে দাবি করে ফারুক-ই-আজম বলেন, “ঢাকা-মাওয়া রোড কি আপনারা দেখেছেন? ঢাকা-চট্টগ্রাম রোডের পরিস্থিতি আমাদের উন্নয়নের কোন গভীর খাদে নিপাতিত করেছে তা ভাষায় প্রকাশ করতে পারব না। 

“চট্টগ্রামের কর্ণফুলী টানেল কার নির্দেশে, কাদের জন্য করা হয়েছে তা যদি গভীরভাবে বিশ্লেষণ করে দেখি, তবে অনেক কিছুই জানতে পারব।”

চট্টগ্রাম চেম্বারেও ‘বৈষম্য ও অব্যবস্থাপনা’ আছে দাবি করে তিনি বলেন, “চট্টগ্রাম চেম্বার কাদের শাসন করার কথা, বিগত দিনে কারা শাসন করেছে? অথচ এটা ব্যবসায়ীদের সংগঠন। সেজন্য বাণিজ্যে কোথায় বৈষম্য ও অব্যবস্থাপনা, তা ব্যবসায়ীদেরকেই খুঁজে বের করতে হবে।

কী করলে অব্যবস্থাপনা দূর করতে সর্বোত্তম উপায় হবে, সে বিষয়ে জানানোর পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, “আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা আপনাদের মত করে সমাধান করতে। যে কোনো উপায়ে খাতুনগঞ্জের গৌরব ঐতিহ্য আমাদের ফেরাতে হবে।“

খাতুনগঞ্জকে ‘বাণিজ্যের হৃৎস্পন্দন’ উল্লেখ করে তিনি বলেন, “বাণিজ্য চট্টগ্রামের মানুষের মানস গঠনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আমরা অভিযাত্রী, বিশ্বের বিভিন্ন বন্দরে প্রান্তরে আমরাই প্রথম অভিযান শুরু করেছি।” 

খাতুনগঞ্জের ব্যবসায়ী আবুল বাশার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামের ডিসি ফরিদা খানম, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড অ্যাসোসিয়েশনের নেতা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।