চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে
দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে।
সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত দু’দিনে মশাবাহিত এ রোগে তিনজনের মৃত্যু হল।
সোমবারের তথ্য অনুসারে জেলায় আগের ২৪ ঘণ্টায় আরও ৫২ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৬৩ জন।
রোববার মারা যাওয়া দুইজনের মধ্যে মৃদুল কান্তি দাশ (৫৫) জেলার সাতকানিয়া উপজেলার এবং সালমা খানম (৪০) ফটিকছড়ি উপজেলার ভূজপুরের বাসিন্দা। দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তাদের মধ্যে মৃদুল ডেঙ্গু হেমোরেজিক ফিভার ও অভ্যন্তরীণ রক্তক্ষরণে এবং সালমা ‘এক্সপানডেন্ড ডেঙ্গু সিনড্রোম, ডেঙ্গু শক সিনড্রোম এবং রিফেক্টরি শক কার্ডিয়াক এরেস্টের’ কারণে মারা যান বলে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে।
চট্টগ্রামে জেলায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ৩ হাজার ৯৮ জন। এরমধ্যে অক্টোবরে এক মাসে সর্বোচ্চ ১ হাজার ৪৩০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৯৮৩ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ১১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ৬৮৭জন, নারী ৮৬৫ জন এবং শিশু ৫৪৬ জন।
অপরদিকে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে যে ২৮ জনের মৃত্যু হয়েছে তারমধ্যে নারী ১৫ জন, পুরুষ ১০ জন এবং শিশু ৩ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি ১১ জনের মৃত্যু হয় সেপ্টেম্বরে আর অক্টোবরে মারা যান ৯ জন।
