নিজ বাসায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মীর ‘ঝুলন্ত’ লাশ
বাসায় নিজের কক্ষে জানালার গ্রিলের সঙ্গে তাকে ‘ঝুলন্ত’ অবস্থায় পাওয়া গেছে, পরিবারের বরাতে বলছেন সহকারী প্রক্টর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের একটি ভবনের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে সহকারী প্রক্টর অধ্যাপক মো. কোরবান আলী জানিয়েছেন।
লাবিবা লামিয়া তানহা নামে ওই শিক্ষার্থী অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের। ছাত্রদলের তিনি সক্রিয় কর্মী ছিলেন বলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জানিয়েছে।
সহকারী প্রক্টর কোরবান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাবিবা তার মা-বাবার সঙ্গে উত্তর ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে ‘সিয়াম প্যালেস’ নামে ভবনটির বাসায় ভাড়ায় থাকতেন। বাসায় নিজের শয়নকক্ষে জানালার গ্রিলের সঙ্গে তাকে ‘ঝুলন্ত’ অবস্থায় পাওয়া গেছে।
“বেলা পৌনে ১২টার দিকে খবর পেয়ে আমরা পুলিশ ও বিশ্ববিদ্যালয় মেডিকেল অফিসারকে নিয়ে বাসাটিতে যাই। সেখানে গিয়ে লাশ মাটিতে শোয়ানো অবস্থায় দেখেছি। পরিবারের সদস্যরা জানিয়েছেন লাবিবাকে ‘ঝুলন্ত অবস্থায়’ দেখে তারা রশি কেটে তাকে নিচে নামিয়ে ফেলেন।”
ছাত্রদলের সাংগঠনিক সব কর্মসূচিতে লাবিবা নিয়মিত অংশগ্রহণ ছিল বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন জানিয়েছেন। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে ২০২৪ সালের ১ নভেম্বর অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছিল। তাজরিন আহমেদ সোয়ারা নামে সেই শিক্ষার্থীর লাশের কাছ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয় তখন।
