১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সীতাকুণ্ডে পেছন থেকে ট্রাককে বাসের ধাক্কা, ৫ জন নিহত

ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘সিডিএম লাইন’ নামের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 08:01 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাককে ধাক্কা দিলে অন্তত পাঁচজন মারা গেছেন, তারা সবাই ছিলেন বাসের যাত্রী।

রোববার সন্ধ্যায় উপজেলার পন্থিছিলা বটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিহতদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে বললেও তাদের কারো পরিচয় জানাতে পারেনি তারা।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাকির রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ পাঁচজনের লাশ পাওয়ার কথা বলেছেন তিনি।

অপরদিকে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশনের স্টেশন অফিসার বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘সিডিএম লাইন’ নামের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে চারটি লাশ উদ্ধার করেছে।