চাকসু নির্বাচনের তফসিল বৃহস্পতিবার
সবশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার।
নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে ১২ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে রসায়ন বিভাগের অধ্যাপক মনির উদ্দিনকে।
১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি চাকসুর নির্বাচন হয়। বিভিন্ন কারণে পরে আর নির্বাচন হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার মধ্যে চাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু হল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাকসু নির্বাচন করতে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী মঙ্গলবার প্রশাসনের সঙ্গে সভা হবে। পরে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সভা করার পর সব ঠিক থাকলে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হতে পারে।
এদিকে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ বিভিন্ন দাবিতে রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।
