২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নৌকার জয় বাঙালিকে ফের জাগিয়ে তুলবে: নাছির

“আমাদের সাথে জনগণ আছে, এই জনগণ কখনো অশুভ শক্তিকে গ্রহণ করেনি,” বলেন আওয়ামী লীগের এই নেতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 09:29 PM

Updated : 13 Jul 2023, 09:29 PM

অশুভ শক্তির বিরুদ্ধে নৌকার জয়যাত্রা বাঙালিকে আবারো জাগিয়ে তুলবে বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর পক্ষে জনসংযোগের সূচনায় তিনি এ কথা বলেন।

শুলকবহর এলাকায় নির্বাচনী প্রচারে আ জ ম নাছির বলেন, “আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নৌকার প্রতীক নিয়ে মাঠে নেমেছি। এই যাত্রায় নৌকাই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সমৃদ্ধির প্রতীক।

“আমাদের সাথে জনগণ আছে, এই জনগণ কখনো অশুভ শক্তিকে গ্রহণ করেনি। তারা শুভ যাত্রায় নৌকাকেই বরণ করেছে। এই নৌকায় আমাদের সমস্ত সাফল্য ও অর্জনের বাহন।”

সাবেক মেয়র নাছির বলেন, “আপনারা আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে প্রমাণ করুন, এদেশে গণতন্ত্র আছে, ভোটাধিকার আছে এবং আমরাই আমাদের শক্তি।

“অশুভ শক্তির বিরুদ্ধে নৌকার জয়যাত্রা বাঙালিকে আবারো জাগিয়ে তুলবে। কোনো বিদেশি মুরুব্বির নির্দেশনায় আমরা চলি না।”

নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে নৌকা প্রতীকটি দিয়েছেন তার মর্যাদা রক্ষায় আমি সকলের ভালবাসা ও আস্থা চাই। দেশ ও জাতির শুভযাত্রায় আমি সারথী হতে পেরে আমি গর্বিত।

“যদি আপনাদের আস্থা ও ভালবাসা পাই এবং নির্বাচিত হই তাহলে আমার পূর্বসূরীর মতই আপনাদের পাশে থাকব। প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। উনারা বাংলাদেশকে ভালোবেসেছিলেন। উনাদের ত্যাগ ও নিবেদনে আমরা এই মাটিতে দাঁড়িয়ে আছি। এই মাটিকে সুরক্ষিত করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাই।”

দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও নগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, মো. হোসেন, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদুল আলম এ সময় উপস্থিত ছিলেন।