Published : 30 Nov 2025, 12:49 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কের পাশ থেকে এক নারীর পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যিনি নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে ‘আত্নহত্যা’ করেছেন বলে পুলিশ ও স্থানীয়দের ভাষ্য।
উপজেলার ছলিমপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অদূরে আব্দুল্লাহঘাটা এলাকায় শনিবার রাতে ওই নারীর লাশ পাওয়া যায়। তার বয়স ৪৫ বছরের আশপাশে বলে ধারণা করা হলেও পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নারী আত্মহত্যা করেছেন। মহাসড়কের পশ্চিম পাশে আব্দুল্লাহঘাটা এলাকায় তিনি হঠাৎ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। স্থানীয়রা দেখে পুলিশে খবর দেয়।
“আগুনে পুড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। কেন তিনি এটা করলেন তা স্পষ্ট নয়। স্থানীয়রা তাকে চিনতে পারছে না।”
পরিদর্শক সোহেল রানা বলেন, তারা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।