১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামেও বৃষ্টি হল, গরম কমল না

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মৃদু বাতাস বইতে শুরু করে। রাত পৌনে ৪টায় তীব্র বজ্রপাত শুরু হয়, এরপর ঝরে বৃষ্টি।

চট্টগ্রামেও বৃষ্টি হল, গরম কমল না

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2023, 02:03 PM

Updated : 21 Apr 2023, 02:03 PM

বৈশাখের প্রথম সপ্তাহ পেরিয়ে চট্টগ্রামে ভোরবেলাটা বৃষ্টি দিয়ে শুরু হলেও, তা এতটাই কম যে তাপমাত্রার তেমন একটা হেরফের হয়নি। 

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্র এবং শনিবারও অল্প পরিমাণে বৃষ্টির সম্ভাবনার হয়েছে, রাতে গরম কিছুটা কমতে পারে। 

গত দুসপ্তাহ ধর চলা তাপপ্রবাহে অতিষ্ঠ জনপ্রাণ-প্রকৃতি, এর মধ্যে শুক্রবার প্রথম বৃষ্টি হল চট্টগ্রামে। 

সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মৃদু বাতাস বইতে শুরু করে। রাত পৌনে ৪টায় তীব্র বজ্রপাত শুরু হয়। এরপর বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি।  

“আজ বিকালে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকালও বৃষ্টি হতে পারে। তবে খুবই অল্প মাত্রায়। রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।" 

পতেঙ্গা আবহাওয়া অফিস শুক্রবার বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।  

বৃহস্পতিবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাতে বৃষ্টিপাতের পর তাপমাত্রা কিছুটা নামে। শুক্রবার বেলা ১২টায় পারদ ওঠে ৩৪ ডিগ্রিতে। 

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ও সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।