১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৮

এ নিয়ে মাসের প্রথম পাঁচ দিনেই চট্টগ্রামে তিন জনের মৃত্যু হল ডেঙ্গুতে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 05:02 PM

Updated : 05 Jul 2023, 05:02 PM

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে; মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে জেলায় আরও ৪৮ জন ভর্তি হয়েছে হাসপাতালে।

সারাদেশের মত চট্টগ্রামেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলতি মাসের প্রথম পাঁচ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক নুরুল হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সরকারি বেসরকারি মিলিয়ে নতুন করে আরও ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মারা গেছেন একজন।

মারা যাওয়া শ্রাবন্তী সরকার টুসু নগরীর সদরঘাটের বিশ্বজিৎ সরকারের মেয়ে; সে সেন্ট স্কলাসটিকা স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বিশ্বজিৎ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৯ জুন তার শ্রাবন্তীর জ্বর আসে। তখন থেকে চিকিৎসকের পরামর্শে বাসায় রেখেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরদিন রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পরে।

রক্তে প্লাটিলেটের পরিমাণ ঠিক থাকায় বাসাতেই চিকিৎসা দেওয়া হচ্ছিল জানিয়ে বিশ্বজিৎ বলেন, দুইদিন পর জ্বরও কমে আসছিল। কিন্তু মঙ্গলবার হঠাৎ তার পেট ফুলে যায় এবং পাতলা পায়খানা শুরু হয়। সন্ধ্যার পর শ্রাবন্তীকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

সেখানেই তার মৃত্যু হয় জানিয়ে বিশ্বজিৎ বলেন, “আমি মেয়েটাকে ঠিকমতো চিকিৎসাও করাতে পারলাম না, সে কোনো সুযোগও দিল না, তার আগেই সে আমাদের ছেড়ে চলে গেছে। নিজেকে কোনোভাবে ঠিক রাখতে পারছি না।”

সেন্টসক্লাসটিকা স্কুলের শিক্ষার্থী শ্রাবন্তী গান করত এবং ছবি আঁকত বলে তার পরিবারের সদস্যরা জানান।

শ্রাবন্তীর বড়ভাই কমার্স কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সুদীপ সরকারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নগরীর অপর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পরিবার।

সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী, এ বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলায় মৃত্যু হয়েছে ১২ জনের; এর মধ্যে জুলাই মাসের পাঁচ দিনেই মারা গেল তিনজন।

জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৬১ জন; তাদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৪০ জন।

বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ১২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৫জন।